
আল মামুন : তালা উপজেলার নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মিঠাবাড়ি বহুমুখী সংঘের উদ্যোগে আয়োজিত এ ফাইনাল খেলায় ৪ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ডের দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় টাইব্রেকারে ৪ নম্বর ওয়ার্ডের দল বিজয়ী হয়।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে লক্ষাধিক টাকা মূল্যের একটি গরু পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল ওয়ার্ডের খেলোয়াড়দের মাঝে একটি করে ছাগল প্রদান করা হয়। দর্শক ও খেলোয়াড়দের জন্য ছিল আরও নানা ধরনের পুরস্কার। সব মিলিয়ে খেলায় ১৩০টিরও বেশি পুরস্কার প্রদান করা হয়। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশেষ ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে প্রায় ৪ হাজার টাকা মূল্যের একজোড়া ফুটবল বুট প্রদান করা হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী শিল্পপতি আলহাজ্ব ইবাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাবাড়ি বহুমুখী সংঘের উপদেষ্টা শেখ রুহুল আমিন আকাশ, তরুণ চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, মো. আইয়ুব হোসেন, সভাপতি সম লিয়াকত আলী, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমান আতা, ওয়ার্ড সদস্য শেখ সরোয়ার, আব্দুল গফুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলার ধারাভাষ্যে ছিলেন শিক্ষক ওলিউর রহমান ওলি, মো. মিজানুর রহমান, মো. জাকির হোসেন ও আলমগীর হোসেন। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোশাররফ হোসেন।
আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক, জুয়া ও বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যেই এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি তৈরি হয়। বিশেষ করে বর্তমান সময়ে তরুণদের একটি অংশ যাতে মাদক ও অনলাইন জুয়াসহ ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেজন্য মাঠমুখী করার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন আয়োজকরা।
স্থানীয়রা বলেন, একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হলে তরুণরা অবসর সময় ইতিবাচক কাজে ব্যয় করার সুযোগ পাবে। পাশাপাশি এলাকার বিভিন্ন বয়সী মানুষের মধ্যে সামাজিক বন্ধনও আরও দৃঢ় হবে।
ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিকেল থেকেই মাঠে দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নারী-পুরুষ ও বিভিন্ন বয়সী দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে নগরঘাটার মিঠাবাড়িতে দিনব্যাপী উৎসবের আমেজ বিরাজ করে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
