“ব্যাংককে লাল–সবুজের জয়ধ্বনি: চ্যাম্পিয়ন সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা”

Spread the love

স্টাফ রিপোর্টার:

প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে অংশ নিয়েই চ্যাম্পিয়নের শিরোপা জয় করেছে সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা। সাবিনা খাতুনের প্রতিষ্ঠিত ওয়ারিয়র স্পোর্টস একাডেমি রোববার (১০ আগস্ট) ব্যাংককের এক্কামাই ইন্টারন্যাশনাল স্কুল মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব–১৪ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অপরাজিত থেকে শিরোপা ঘরে তোলে।

প্রথম ম্যাচে ওয়ারিয়ররা ৩–০ ব্যবধানে হারায় স্বাগতিক ব্যাংকক সকার একাডেমিকে। গোল করেন সিয়াম ইসলাম (২) ও সালাহউদ্দিন রনি (১)। দ্বিতীয় ম্যাচে ফিলিপাইন ফুটবল একাডেমিকে ২–১ গোলে হারায় ওয়ারিয়ররা; গোলদাতা নুর হোসেন ও সিয়াম ইসলাম।

ফাইনালে আবারও মুখোমুখি হয় ব্যাংকক সকার একাডেমির সঙ্গে। সিয়াম ইসলাম, নুর হোসেন ও মুকিদুরজ্জামানের এক একটি গোলের সৌজন্যে ৩–০ ব্যবধানে জিতেই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশি কিশোররা। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলকে মেডেল, সার্টিফিকেট ও ট্রফি প্রদান করা হয়।

বর্তমানে ভুটানের নারী ফুটবল লিগে পারো এফসির হয়ে খেলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও একাডেমির প্রতিষ্ঠাতা সাবিনা খাতুন। তিনি বলেন, “আমার ছোটবেলার স্বপ্ন ছিল—আমাদের গ্রামের ছেলেমেয়েরা যেন বিদেশের মাঠে লাল–সবুজের পতাকা উড়াতে পারে। আজ ওয়ারিয়রদের হাতে ট্রফি দেখে মনে হচ্ছে সেই স্বপ্ন পূরণ হয়েছে। এই জয় শুধু গোলের নয়, এটি সাহস, ঘাম ও বিশ্বাসের জয়।”

সাবিনা আরও বাংলা ট্র্যাক সল্যুশন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং রয়্যাল ওরাঞ্জের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার ভাষায়, “তারা শুধু অর্থায়ন করেনি, আমাদের স্বপ্নের সঙ্গী হয়েছে।”

২০২১ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করা ওয়ারিয়র স্পোর্টস একাডেমি বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওয়ান স্টার মর্যাদাপ্রাপ্ত। বয়সভিত্তিক প্রশিক্ষণ, স্থানীয় প্রতিযোগিতা ও প্রতিভা বাছাইয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা এই দলের কোচ পিন্টু কুমার মিত্র, সহকারী কোচ সিরাজ উদ্দিন, ট্রেইনার ফেরদৌস খোকন, ম্যানেজার মেহেদী হাসান ও টিম লিডার তৌসিফ ইসলামের নেতৃত্বে দীর্ঘদিনের প্রস্তুতি ফল দিয়েছে চ্যাম্পিয়নশিপে।

দলে ছিলেন: আলিফ জামান, সোহাগ হোসেন, সিয়াম ইসলাম, মারুফ বিল্লাহ, আজিজুর রহমান ভূঁইয়া, মুকিদুরজ্জামান, প্রিয়ম বিশ্বাস, রিফাত পারভেজ, নুর হোসেন ও সালাহউদ্দিন রনি।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com