
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন, কৃষি কাজে সমস্যা ও উত্তরণের পথ শীর্ষক নারী কৃষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত নারী সংলাপে সভাপতিত্ব করেন প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী। প্রধান অতিথি ছিলেন, জেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, মৎস্য কর্মকর্তা (কোরেন্টাইন) তৌহিদ হাসান, উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,জেলা মহিলা অধিদপ্তরের ফিল্ড অফিসার করবি সুলতানা, ডিবিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি এম বেলাল হোসাইনসহ অন্যরা। প্রেরণার হেড অব প্রোগ্রাম তৌহিদ ইসলাম এবং প্রোজেক্ট কো-অর্ডিনেটর দিপিকা অধিকারীর সঞ্চালনায় শ্যামনগর ও কালিগঞ্জের নারী নেতৃত্বাধীন প্রতিষ্ঠানের প্রতিনিধি, যুবনেতা, নারী কৃষকরা উক্ত সংলাপে অংশগ্রহণ করেন। এছাড়া অনলাইনে যুক্ত থেকে বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোজেক্ট ম্যানেজার নাছরিন আহমেদ।
বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের একটা বড় অংশের নারীরা কৃষি কাজের সাথে সম্পৃক্ত। কিন্তু জলবায়ু পরিবর্তন জনিত কারনে লবনাক্ততা বেড়ে যাওয়ায় এ অঞ্চলের কৃষিতে বিরুপ প্রভাব পড়ছে। ফলে কর্মহীন হয়ে পড়ছে মানুষ। কৃষি কাজে জড়িত থাকায় নারীদের দিনের একটা বড় সময় পানিতে থাকতে হয়। ফলে তারা নানা রোগেও আক্রান্ত হচ্ছে। এছাড়া উপকুলীয় এলাকাসহ জেলা শত শত বিঘা পতিত জমি রয়েছে। সেগুলোকে চাষের আওতায় এনে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে। পাশাপাশি লবনাক্ত এলাকায় লবন সহিষ্ণু বীজ সরবরাহ বাড়িয়ে কৃষিকে এগিয়ে নিতে এখনি উদ্যোগ নেওয়ার দাবি জানান বক্তারা।