
আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ কোরিয়ার পোচেওন শহরে বৃহস্পতিবার (৭ মার্চ) সামরিক মহড়ার সময় একটি শেল বা গোলা লক্ষ্যচ্যুত হয়ে বেসামরিক এলাকায় পড়ে। এ ঘটনায় আটজন আহত হয়েছেন। দেশটির দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, এতে বেশ কিছু বাড়িঘর ও একটি গির্জা ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
গিয়ংগি-দো বুকবু শহরের দমকল বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
রাজধানী সিউল থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং উত্তর কোরিয়ার কড়া নিরাপত্তাবেষ্টিত সীমান্তের কাছাকাছি পোচেওন শহরটি অবস্থিত।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের চলমান যৌথ সামরিক মহড়ার সময় নিক্ষিপ্ত একটি গোলা দুর্ঘটনাবশত শহরের ওই এলাকায় পড়ে।
কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করতে পারেনি, কী ধরনের গোলা বিস্ফোরিত হয়েছে। তবে কর্মকর্তারা ধারণা করছেন, মহড়ার সময় কোনও যুদ্ধবিমান ভুলবশত গোলাটি ছুড়ে থাকতে পারে।
স্থানীয় সংবাদ সংস্থা নিউজ ওয়ানে প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার পাশে ধ্বংসস্তূপ ছড়িয়ে আছে।
এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।
তবে বৃহস্পতিবার সকালে মন্ত্রণালয় জানিয়েছিল, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র পোচেওন শহরে যৌথ চালাচ্ছে, যা আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া বার্ষিক সামরিক মহড়ার অংশ।