
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা পুলিশ লাইনের ড্রিল সেডে মঙ্গলবার(১৪ অক্টোবর) সকালে এক অনুষ্ঠানে মোবাইল ফোন এবং ডিজিটাল লেনদেনে প্রতারিত অর্থ প্রকৃত ভুক্তভোগীদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের দিকনির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, এবছরে সাতক্ষীরা জুলাই-সেপ্টেম্বর মাসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

জেলার বিভিন্ন থানা থেকে প্রাপ্ত জিডির ভিত্তিতে এ সময় মোট ১০৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ লাখ ২০ হাজার টাকা (প্রতি মোবাইল গড়ে ১৫,০০০ টাকা ধরে)। একই সময়ে মোবাইল ব্যাংকিং প্রতারণার শিকার ২০ জন ভুক্তভোগীর কাছ থেকে মোট ৩ লাখ ৬০ হাজার ২৬০ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে পুরো অর্থ উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করা হয়।
সাইবার অপরাধ তদন্তে সেলটি আরও জানায়, চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়কালে মোবাইল হারিয়ে ২২৫টি সাধারণ ডায়েরি (জিডি) জমা পড়ে। সাইবার সেলের যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ১,৫৪৯টি মোবাইল উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৩২ লাখ ৩৫ হাজার টাকা। এছাড়া এখন পর্যন্ত মোবাইল ব্যাংকিং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া মোট ৪৩ লাখ ৩২ হাজার ৩৯৫ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও জুলাই-সেপ্টেম্বর সময়ে ২১টি হ্যাক হওয়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমো অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির শিকার ৮ জন নারীর সহায়তায় আইনগত পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। জেলার বিভিন্ন থানার ভিকটিম উদ্ধার, আসামি শনাক্ত ও গ্রেফতারেও সেলটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
এ বিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপার বলেন, “ডিজিটাল অপরাধ দমন এখন পুলিশের অগ্রাধিকার তালিকায় রয়েছে। সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নাগরিকদের সচেতন করাও আমাদের দায়িত্ব। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ধারাবাহিক সাফল্য সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
সাইবার অপরাধ সংক্রান্ত যেকোনো অভিযোগ দ্রুত জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সাতক্ষীরা জেলা পুলিশ।