
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থবছরে (জুলাই-জুন) রেকর্ড পরিমাণ শুকনা হলুদ আমদানি হয়েছে। শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে, এ সময় ৩২ হাজার ২৯১ টন শুকনা হলুদ আমদানি হয়েছে, যার বাজারমূল্য ৫৪২ কোটি ৫৪ লাখ টাকা। যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৫৫ কোটি টাকা বেশি।
২০২৩-২৪ অর্থবছরে এ বন্দর দিয়ে ৩০ হাজার ৪৫০ টন শুকনা হলুদ আমদানি হয়েছিল, যার মূল্য ছিল ৪৮৮ কোটি ৫৯ লাখ টাকা। সেই হিসেবে এক বছরের ব্যবধানে আমদানি বেড়েছে ১ হাজার ৮৪১ টন।
আমদানি বৃদ্ধির প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। সরবরাহ বেড়ে যাওয়ায় সাতক্ষীরার মসলা বাজারে গুঁড়া হলুদের দাম কমে এসেছে। জেলা সদরের সুলতানপুর বড় বাজারের মেসার্স ঠাকুর স্টোরে বর্তমানে প্রতি কেজি গুঁড়া হলুদ বিক্রি হচ্ছে ২৮০ টাকা দরে, যেখানে এক থেকে দেড় মাস আগেও এটি ছিল ৩২০ টাকা।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জানান, “পর্যাপ্ত সরবরাহ থাকায় গুঁড়া হলুদের দাম কিছুটা কমেছে।”
সাতক্ষীরা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বলেন, “আমদানি বৃদ্ধি ও বাজারে সরবরাহ বাড়ায় গুঁড়া হলুদের দাম কমেছে। একইসঙ্গে অন্যান্য মসলার দামও সহনীয় রাখতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে।”
ভোমরা বন্দরভিত্তিক মসলা আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান বলেন, “২০২৪-২৫ অর্থবছরে অন্যান্য সময়ের তুলনায় আমাদের প্রতিষ্ঠান থেকে সবচেয়ে বেশি পরিমাণে শুকনা হলুদ আমদানি করা হয়েছে। এসব পণ্য ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।”