
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার সদর উপজেলার সুলতানপুর বড়বাজারে ভেজাল সার উৎপাদন ও নিম্নমানের দস্তা সার বিক্রির দায়ে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মোট আড়াই লাখ টাকা জরিমানা আদায় করেছে।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজার নেতৃত্বে সার, বীজ ও বালাইনাশক বিক্রয় কেন্দ্রগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় মেসার্স রবি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রবিউল ইসলামকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। একই অভিযানে মেসার্স ইসলাম এন্টারপ্রাইজের মালিক আশরাফুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। উভয় প্রতিষ্ঠান থেকেই তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
প্রশাসন জানায়, সাম্প্রতিক সময়ে ভেজাল সার ও কীটনাশক বাজারে ছড়িয়ে পড়ায় কৃষকরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন। এসব নিম্নমানের পণ্য ব্যবহারে ফসলের উৎপাদন ব্যাহত হচ্ছে এবং উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা বলেন,
“ভেজাল সার কৃষি উৎপাদনের জন্য মারাত্মক হুমকি। কৃষকদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।”
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন ও সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।