নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের পদ্মশাখরা, হিজলদী ও চান্দুরিয়া বিওপি এবং বাঁকাল চেকপোস্টের টহলদল পৃথক অভিযান চালিয়ে ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও কফ সিরাপ জব্দ করে।
পদ্মশাখরা বিওপির সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা এলাকার জোড়া তালগাছ এলাকা থেকে ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করেন। হিজলদী বিওপির সদস্যরা কলারোয়া উপজেলার তালসারি এলাকা থেকে ৭৫ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করেন।
এ ছাড়া চান্দুরিয়া বিওপির সদস্যরা পশ্চিম কাঁদপুর এলাকা থেকে ১৬ হাজার টাকা মূল্যের ভারতীয় উইনসেরেক্স (WINCEREX) কফ সিরাপ জব্দ করেন। অন্যদিকে বাঁকাল চেকপোস্টের সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর হাটখোলা এলাকা থেকে ২ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করেন।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন,চোরাচালান রোধে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে।