প্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক বিশেষ অভিযানে ভারতীয় মদ ও শাড়িসহ প্রায় ৫৮ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৬ জানুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীন মাদরা ও চান্দুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্তের মেইন পিলার ১৩/৩-এস এর ৯ আরবি এলাকা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার তেতুলতলা মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
অন্যদিকে চান্দুরিয়া বিওপির একটি দল মেইন পিলার ১৭/৩-এস এলাকা থেকে প্রায় ২০০ গজ ভেতরে কলারোয়া উপজেলার গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২২ হাজার ৫০০ টাকা।
সব মিলিয়ে জব্দ করা পণ্যের মূল্য ৫৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার উল্লেখযোগ্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
উদ্ধার করা মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।