নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (৩৩ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, সোমবার (২৩ ডিসেম্বর ২০২৫) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ ভোমরা, বৈকারী, কুশখালী ও মাদরা বিওপি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একযোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৫ বোতল ভারতীয় মদসহ বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি ও ঔষধ উদ্ধার করা হয়।
ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৪/৪ এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্মশানঘাট এলাকা থেকে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
অপরদিকে, বৈকারী বিওপির বিশেষ দল মেইন পিলার-৭/৪১ এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৈকারী থানার কাপালিপাড়া এলাকা থেকে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।
এছাড়া কুশখালী বিওপির আভিযানিক দল একই থানাধীন শ্মশানঘাট এলাকা থেকে প্রায় ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করে।
অন্যদিকে, মাদরা বিওপির একটি বিশেষ দল মেইন পিলার-১৩/৩ এস-এর ৯ আরবি সংলগ্ন এলাকা থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন তেঁতুলতলা এলাকা হতে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
সব মিলিয়ে অভিযানে মোট ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এসব মালামাল আনা হয়েছিল বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। উদ্ধারকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সাতক্ষীরা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
দেশের রাজস্ব সুরক্ষা, স্থানীয় শিল্প বিকাশ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবির এ ধরনের দেশপ্রেমিক ও জনস্বার্থমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এদিকে বিজিবির এই অভিযানে সন্তোষ প্রকাশ করে স্থানীয় জনগণ সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান দমনে তাদের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন অভিযান আরও জোরদারের দাবি জানান।