নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় সড়কের দুই ধারে বৃক্ষরোপণ
কর্মসূচির উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও
বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব|
সোমবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার কুশখালী ইউনিয়নের
ভাদড়া সড়কের দুই ধারে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়|
প্রধান অতিথির বক্তব্যে এসময় হাবিব বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও
সামাজিক বনায়নের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক
রহমান ৫ বছরে যে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে
নিয়েছেন এরই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সাতক্ষীরার বিভিন্ন
স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে| ইতোমধ্যে জেলার
বিভিন্ন সড়ক, গ্রাম ও বেড়িবাঁধ এলাকায় বৃক্ষরোপণ করা হচ্ছে
এবং সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করা হচ্ছে|
তিনি আরও বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষা ও সবুজ সাতক্ষীরা গড়তে
সদর উপজেলার কদমতলা মোড় থেকে বৈকারী অভিমুখী সড়কের দুই
ধারে প্রায় ৫ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে| পাশাপাশি
চলতি বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসনে
প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে| বৃক্ষরোপণ কর্মসূচির
মাধ্যমে পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও আগামী প্রজন্মের জন্য
একটি সুন্দর পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি|
বৃক্ষ রোপন কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের
প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, সিনিয়র
সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, বিএনপি নেতা আব্দুস সালাম
মধুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক
এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ|