নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পাল্টা মামলা, আসামিদের প্রকাশ্যে ঘোরাফেরা এবং তা থেকে বাঁচতে সংবাদ সম্মেলনের আয়োজনের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সাতক্ষীরা শহরে সদর দলিল লেখক সমিতির ব্যানারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সমিতির নেতারা তাদের
সভাপতির বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা’ দাবি করে
প্রত্যাহারের আহ্বান জানান।
এদিকে, বিষয়টিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে সাংবাদিক মহলের অভিযোগ, এনটিভির সাংবাদিক এস.এম জুলফিকার আলী জিন্নাহ’র ওপর হামলার ঘটনায় দায় এড়াতেই এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সমিতির সহ-সভাপতি
মিজানুর রহমান। এতে গত ৩০ মার্চ সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি
অফিসে ঘটে যাওয়া ঘটনার জন্য উল্টো সাংবাদিক জিন্নাহকে
দায়ী করা হয় এবং তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
তবে ঘটনাটিকে ভিন্নভাবে দেখছেন স্থানীয় সাংবাদিকরা। তাদের
দাবি, নির্ধারিত ‘সিন্ডিকেট’ এর বাইরে গিয়ে জমি রেজিস্ট্রি
করতে গেলে সাংবাদিক জিন্নাহ ও জমির মালিকের ওপর হামলা
চালানো হয়। পরবর্তীতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে
উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে।সাংবাদিকদের
অভিযোগ, মামলার আসামি হয়েও দলিল লেখক সমিতির সভাপতি শেখ
মাহবুব উল্লাহ জামিন ছাড়াই প্রকাশ্যে সাব-রেজিস্ট্রি অফিসে
ঘোরাফেরা করছেন এবং কার্যক্রম পরিচালনা করছেন, যা
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে।
এদিকে, সংবাদ সম্মেলনের ব্যানারে ‘সংবাদ’ শব্দটি ভুল করে
‘সাংবাদ’ লেখা হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে
সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।
এর আগে এঘটনায় রবিবার সাতক্ষীরা প্রেসক্লাব-এর উদ্যোগে
অনুষ্ঠিত মানববন্ধন থেকে সাংবাদিক জিন্নহ’র ওপর হামলাকারীদের
গ্রেপ্তার, মিথ্যা মামলা প্রত্যাহার এবং সদর থানার ওসিকে
প্রত্যাহারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।
এদিকে, সংশ্লিষ্ট ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মামলা ও
কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে।