আবু সাইদ: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক বলেছেন, মাদরাসাতু আল-ফুরক্বান সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষার সমন্বয়ে নৈতিকতা, মানবিকতা ও আধুনিক জ্ঞানসম্পন্ন আদর্শ প্রজন্ম গড়ে তোলার একটি মহৎ উদ্যোগ। তিনি বলেন, আমরা চাই, আমাদের সন্তানরা পবিত্র কোরআনের আলোয় আলোকিত হওয়ার পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন করুক। তারা যেন ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, গবেষক, আলেম ও দক্ষ পেশাজীবী হিসেবে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে তাদের মধ্যে যেন নৈতিকতা, মানবিকতা ও আল্লাহভীতি বজায় থাকে। তিনি বলেন, আমি আশা করি, মাদরাসাতু আল- ফুরক্বান শিক্ষার মানোন্নয়ন, হিফজুল কোরআন, সাধারণ শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের সমন্বয়ের মাধ্যমে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাবে। এখান থেকে শিক্ষার্থীরা জ্ঞান ও প্রজ্ঞায় সমৃদ্ধ হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য কল্যাণকর মানুষ হিসেবে গড়ে উঠবে। পরিশেষে, মাদরাসার শিক্ষক, পরিচালনা পর্ষদ, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে এ মহৎ উদ্যোগ সফল করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানাই। ২৪ অক্টোবর শনিবার দুপুর ১টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বার্ষিক প্রীতি সম্মেলন ও হিফযুল কুরআন অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী সভাপতিত্বে ও মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাহমুদুল হাসানের পরিচারনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল
ইসলাম মুকুল, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী ও
অভিভাবকেরা। অনুষ্ঠানের হিফযুল কুরআন অ্যাওয়ার্ড, পুরস্কার বিতরণ ও হিফয সম্পন্নকারী
শিক্ষার্থী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও কৃতিত্ব অর্জনকারীদের মাঝে পুরষ্কার বিতরণ
করা হয়। সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্ব পাশে রসুলপুরে অবস্থিত
মাদরাসাতু আল- ফুরক্বান হিফযুল কুরআনের পাশাপাশি একাডেমিক শিক্ষার
সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্য নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।