নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৭ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) জানায়, ব্যাটালিয়নের আওতাধীন চান্দুরিয়া ও মাদরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, চান্দুরিয়া বিওপির একটি আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/২ এস-এর কাছ থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার গোয়ালপাড়া এলাকা থেকে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে।
এ ছাড়া মাদরা বিওপির আরেকটি দল সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ১১ আরবি পয়েন্ট থেকে প্রায় ৩০০ গজ ভেতরে রাজপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।
জব্দ করা পণ্যের মোট মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ধরনের চোরাচালান দেশের রাজস্ব আয়ে নেতিবাচক প্রভাব ফেলে এবং স্থানীয় শিল্পের ক্ষতি করে। এ কারণে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।