আবিদ হোসেন:
সাতক্ষীরায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও মাদকসহ জেলার শীর্ষ সন্ত্রাসী মো. আব্দুল কাদের মিয়া ওরফে কানা কাদের (৪৩) এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পের একটি দল সদর উপজেলার মাটিয়াডাঙ্গা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত অপর দুইজন হলেন—মো. বিপ্লব হোসেন (৩৭) এবং মো. জিয়াউর রহমান (২৮)। অভিযানের সময় তাদের কাছ থেকে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট, ২২ বোতল কোরেক্স উইন, একটি দেশীয় চাপাতি, একটি চাকু ও একটি কুড়াল উদ্ধার করা হয়।
সেনা সূত্র জানায়, শীর্ষ সন্ত্রাসী কানা কাদের ও তার সহযোগীদের বিরুদ্ধে খুন, ডাকাতি ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত কানা কাদের সদর উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের মো. কেরামত গাজীর ছেলে। বিপ্লব হোসেন একই গ্রামের মো. আবুল হোসেনের ছেলে এবং জিয়াউর রহমান মো. মুজিবুর রহমানের ছেলে।
অভিযান শেষে বিকেল ৪টার দিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ সম্পন্ন করে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃতদের সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।