নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্ত এলাকায় অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এ আয়োজন করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত ব্যাটালিয়নের দায়িত্বাধীন বৈকারী, কুশখালি, কালিয়ানী, ভোমরা, হিজলদী, সুলতানপুর, চান্দুরিয়া বিওপি, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পসহ বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথকভাবে এসব সভা অনুষ্ঠিত হয়। কোম্পানি ও বিওপি কমান্ডারদের নেতৃত্বে আয়োজিত সভাগুলোতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা অংশ নেন।
সভাগুলোতে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধ বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয়। পাশাপাশি যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে মাদকের ক্ষতিকর প্রভাব নিয়েও আলোচনা করা হয়।
বিজিবি জানায়, এসব সভায় স্থানীয় মসজিদের ইমাম, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণসহ আনুমানিক ১ হাজার থেকে ১ হাজার ৫০০ জন উপস্থিত ছিলেন। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। কেউ যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে বিষয়ে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধও জানানো হয়।
সভায় উপস্থিত স্থানীয়রা সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে দেশের রাজস্ব ফাঁকি রোধ, স্থানীয় শিল্পের সুরক্ষা এবং তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতি থেকে রক্ষায় বিজিবির এ উদ্যোগকে তারা স্বাগত জানান।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান এ কার্যক্রমের সত্যতা নিশ্চিত করেছেন।