প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৬, ৩:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৬, ১:১১ পি.এম
সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, ৪৮ ঘণ্টার আলটিমেটাম

নিজস্ব প্রতিনিধি:
তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান ও এনায়েত উল্লাহ আব্বাসীর বিরুদ্ধে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ এবং নেত্রকোনায় সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকালে সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড়ে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সহসভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক বাংলাট্রিবিউনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান মধু, ভোরের পাতার নিজস্ব প্রতিবেদক মহিদার রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, দ্য ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বেলাল হোসেন এবং চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি মাহমুদুল হাসানসহ অন্য সাংবাদিকেরা।
বক্তারা বলেন, তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাংবাদিকদের নিয়ে এমন বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
মানববন্ধনে বক্তারা সাতক্ষীরার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, জেলায় চুরি, হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা বেড়েই চলেছে। কয়েক দিন আগে গণপিটুনিতে দুজন নিহত হওয়ার ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা দৃশ্যমান নয় বলে তাঁরা দাবি করেন।
বক্তারা আরও বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা পালন করা প্রয়োজন। এ সময় তাঁরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নেত্রকোনায় সাংবাদিক লুৎফর জামান আলীফ কবীর গত ১৫ অক্টোবর দুর্বৃত্তদের হাতে নিহত হয়।এই হত্যাকাণ্ডসহ সকল অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
www.dainiksatkhira24.com