
স্টাফ রিপোর্টার:
সুন্দরবন-এ কাঁকড়া শিকারে গিয়ে বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক জেলে আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আতিয়ার রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলা-এর বুড়িগোয়ালিনী ইউনিয়নের বাসিন্দা এবং মৃত মান্দার গাজীর ছেলে।
স্থানীয় জেলেদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার সকালে আতিয়ার রহমানসহ কয়েকজন জেলে সুন্দরবনে কাঁকড়া আহরণে যান। এসময় হঠাৎ বনদস্যুদের একটি দল সেখানে এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হন। পরে তার সহযাত্রী জেলেরা তাকে উদ্ধার করে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে আসেন।
ঘটনার পর পুরো এলাকায় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বনদস্যুদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, দুপুর ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আতিয়ার রহমান বন অফিসে আসেন। পরে তাকে চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ পাঠানো হয়। পাশাপাশি বিষয়টি পুলিশ ও কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে।
শ্যামনগর থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, বনদস্যু দমনে পুলিশ সক্রিয় রয়েছে। যৌথ অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুতই অভিযান শুরু হবে। আহত জেলের খোঁজ নিতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।