স্টাফ রিপোর্টার:
চার মাস ২০ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ফের শুরু হয়েছে ভারতীয় পেঁয়াজ আমদানি। মাত্র তিন দিনে প্রায় দুই হাজার টন পেঁয়াজ দেশে প্রবেশ করায় স্থানীয় বাজারে ইতোমধ্যেই দামের প্রভাব পড়েছে। দেশি পেঁয়াজের কেজিপ্রতি দাম ৪ থেকে ৭ টাকা পর্যন্ত কমেছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৬৫ থেকে ৬৭ টাকা কেজি দরে। অন্যদিকে ভারতীয় পেঁয়াজ মিলেছে ৬০ টাকা কেজিতে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ আরও বাড়লে দাম আরও কমতে পারে।
সুলতানপুর বড়বাজারের পাইকারি ব্যবসায়ী আব্দুল আজিজ জানান, ভারতীয় পেঁয়াজ ঢুকতেই দেশি পেঁয়াজের দামে তাৎক্ষণিক প্রভাব পড়েছে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ৭০টি ট্রাকে প্রায় দুই হাজার টন পেঁয়াজ দেশে এসেছে। আমদানি অব্যাহত থাকলে বাজার দ্রুত স্বাভাবিক হবে।
রাজস্ব কর্মকর্তা মো. রাসেল আহম্মেদ বলেন, মাত্র তিন দিনের মধ্যে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানির প্রভাব বাজারে স্পষ্ট। সামনের দিনগুলোতে সরবরাহ আরও বাড়বে।
জেলা কৃষি বিপণন কর্মকর্তা সালেহ মোহাম্মাদ আবদুল্লাহ জানান, বাজারে কেজি প্রতি ৬ থেকে ৭ টাকা কমেছে। তবে মনিটরিং অব্যাহত রয়েছে যেন কৃষকরা ক্ষতিগ্রস্ত না হন। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।