নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের জেয়ালা দাশপাড়া থেকে ০৮ নং ধুলিহর ইউনিয়নের বড়দল ভাগ্যের মোড় পর্যন্ত চলমান সড়ক সংস্কার কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠলে এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পিসি প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন এই সড়ক সংস্কার কাজে শুরুতে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছিল। এতে রাস্তার স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে উদ্বেগ তৈরি হয় স্থানীয়দের মধ্যে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী প্রতিবাদ জানিয়ে কাজ বন্ধের দাবি তোলেন।
এ অবস্থায় শুক্রবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলার সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় তার সঙ্গে উপজেলা প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) উপস্থিত ছিলেন। তারা সড়কের কাজে ব্যবহৃত ইট ও নির্মাণ সামগ্রীর মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরবর্তীতে মাওলানা আব্দুস সবুর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে মানসম্মত ইট ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেন। পরে উপজেলা প্রকৌশলীর তদারকিতে পুনরায় সঠিক মান বজায় রেখে সড়কের কাজ শুরু হয়।
এ প্রতিবাদের সময় স্থানীয় বাসিন্দা মাস্টার আব্দুস ছাত্তার আবেগঘন কণ্ঠে বলেন, “সাবাশ! আপনিই পারবেন। আর কাউকে পেলাম না।”তার এ বক্তব্যে উপস্থিত জনতার মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর উন্নয়ন কাজে অনিয়মের বিরুদ্ধে কেউ সরাসরি মাঠে নেমে ব্যবস্থা নেওয়ায় তারা স্বস্তি পেয়েছেন।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন বাসিন্দা বলেন, “এই সড়কটি আমাদের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। নিম্নমানের কাজ হলে অল্প সময়েই রাস্তা নষ্ট হয়ে যেত। এখন মানসম্মত ইট ব্যবহার হওয়ায় আমরা সন্তুষ্ট।”
এদিকে এলাকাবাসী উন্নয়ন কাজে গুণগত মান বজায় রাখতে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর তদারকির দাবি জানিয়েছেন। স্থানীয়দের মতে, জনগণের স্বার্থে এ ধরনের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকলে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।