
জি এম মুজিবুর রহমান:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটায় প্রকাশ্য দিবালোকে মোটরসাইকেল চুরির একটি দুঃসাহসিক ঘটনা ঘটেছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে বুধহাটা বাজারের কেন্দ্রস্থল করিম সুপার মার্কেট এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
চিলেডাঙ্গা গ্রামের আবুল হাসানের ছেলে নাজমুল হাসান জরুরি কাজে ব্যাংকে প্রবেশের সময় তাঁর ব্যবহৃত হিরো স্প্লেন্ডার প্লাস মোটরসাইকেলটি (নম্বর: সাতক্ষীরা-হ-১৭৯০৭১) করিম মার্কেটের নিচে খোলা জায়গায় রেখে যান। ব্যাংকের কাজ শেষে বের হয়ে এসে তিনি দেখতে পান, মোটরসাইকেলটি সেখানে আর নেই।
পরে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে পাশের দোকানগুলোর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। ফুটেজে দেখা যায়, হেলমেট ও মুখে মাস্ক পরা দুইজন অজ্ঞাত ব্যক্তি তালা ভেঙে কৌশলে মোটরসাইকেলটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পরপরই বুধহাটা বাজার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ বাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।