নিজস্ব প্রতিনিধি:দেবহাটার ঐতিহ্যবাহী পারুলিয়া বাজারে রাফি খেলাঘরের স্বত্বাধিকারী ও ব্যবসায়ী মো. মিনহাজুল আবেদীনকে দোকান থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু বিচার ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বাজার পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর শুক্রবার রাত সাড়ে আটটার দিকে প্রতিপক্ষ বন্ধু খেলাঘরের মালিক মাসুম বিল্লাহসহ কয়েকজন ব্যক্তি তার দোকানে প্রবেশ করেন। এ সময় কোনো নিয়মনীতি বা তোয়াক্কা না করে তাকে জোরপূর্বক মারপিট করা হয় এবং টেনেহিঁচড়ে দোকান থেকে বাইরে বের করে নেওয়া হয়। পরবর্তীতে ইউপি চেয়ারম্যানের কাছে নিয়ে যাওয়ার কথা বলে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার পথে তাকে আবারও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। অভিযুক্ত ব্যক্তিরা বাজার পরিচালনা কমিটির কোনো পদধারী বা সদস্য নন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আবেদনে ভুক্তভোগী মিনহাজুল আবেদীন বলেন, ‘আমার বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা ভুলত্রুটি থাকত, তবে তা নিয়মমাফিক বাজার কমিটি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জানানো যেত। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে গায়ে হাত তোলা, অপমান ও শারীরিক লাঞ্ছনা করার কোনো অধিকার কারও নেই।’ একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে তিনি বাজারে নিরাপদ ও সম্মানজনক পরিবেশের সঙ্গে ব্যবসা করার অধিকার রাখেন বলে জানান।
এ বিষয়ে পারুলিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী। একই সঙ্গে ভবিষ্যতে যেন বাজারের কোনো ব্যবসায়ী এ ধরনের হয়রানি ও অন্যায়ের শিকার না হন, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।