জহর হাসান সাগর:সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরার তালা উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে সকাল ৮টায় তালা বিদে পুরাতন স্কুল মাঠ থেকে একটি প্রভাতফেরি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসানের সভাপতিত্বে এবং ইন্সট্রাক্টর ইমান আলীর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জতউল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, তালা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিদুল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, সিনিয়র সাংবাদিক এম এ হাকিম ও জাহাঙ্গীর হাসানসহ তালা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জতউল্লাহ বলেন, ভাষার জন্য সালাম, রফিক, জব্বারসহ নাম না জানা অনেকেই শহীদ হয়েছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও লাখো মানুষ জীবন দিয়েছেন, সাম্প্রতিক গণঅভ্যুত্থানেও অনেক শিক্ষার্থীসহ সাধারণ মানুষ শহীদ হয়েছেন। তিনি সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন।
তিনি আরও বলেন, “যে বাংলা ভাষার জন্য ছাত্র-জনতা জীবন দিল, সেই দেশের অফিস-আদালতে এখনো ইংরেজিতে চিঠিপত্র লেখা হয়। দেশের সব অফিস-আদালতে বাংলা ভাষা চালু করতে জোর দাবি জানাচ্ছি।
উপজেলার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলের দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।