তালা প্রতিনিধি: সন্ধা নামলেই ড্রাম ট্রাক্টরে মাটি বহনে গ্রামীণ সড়ক অবকাঠামো হুমকির মুখে পড়েছে। সাতক্ষীরার মাগুরা ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের বাজার সংলগ্ন একটি দীঘি পুনঃ খননের মাটি বহন করছে এই অবৈধ ড্রাম ট্রাক্টর।
অনুসন্ধানে জানা যায়,চাঁদকাটি গ্রামের আনছার নিকারীর ছেলে সেলিম নিকারী আড়াই থেকে তিন লাখ টাকার মাটি বিক্রয় করেছে স্থানীয় ফারা বিক্সস নামক এক ইট ভাটার কাছে। মাটি খননের স্থান থেকে ফারা বিক্সসের দূরুত্ব প্রায় পাঁচ কিলোমিটার। এই দীর্ঘ সড়কের কোথাও কোথাও ভাঙন দেখা দিয়েছে। এক মাসের অধিক সময় ধরে চলছে রাতের আধারে মাটি বহন। মাঝে এলাকাবাসীর বাধার মুখে বন্ধ ছিল। পরে স্থানীয় ইউনিয়নের প্রভাবশালী একটি মহলের ছত্র ছায়া রাতের পর রাত চলছে মাটি খনন এবং পরিবহন।
স্থানীয়রা জানান,সন্ধা নামলেই বিকট শব্দ করে চলে এ বাহন। রাতে ঠিক মত ঘুমানো যায় না। একদিকে গরমের সময়ে বিদুৎ থাকে না। অন্যদিকে সারা রাত ধরে ড্রাম ট্রাক্টর চলাচল করে। ফলে সারা দিন পরিশ্রম করে দিন শেষে বিশ্রাম করবো তার উপায় নেই।
তারা আরও জানান,সন্ধ্যার পরে স্থানীয় বাজার গুলো জমজমাট হয়ে ওঠে। যার কারণে দূর্ঘটনার প্রবণতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে।
এবিষয়ে সেলিম নিকারী বলেন,'মাটি কিসে বহন করবো। সবাই ড্রাম ট্রাক্টরে বহন করে। আমিও তাই করছি।'
তালা উপজেলা নির্বাহী প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার বলেন,'গ্রামীণ সড়কে ড্রাম ট্রাক্টর চলাচলে জন্য অনুপযোগী। এটি চলাচল করলে সড়ক সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।'
বিষয়টি নিয়ে তালা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান বলেন,'দীঘি পুনঃ খননের জন্য কেউ আমার নিকট হতে অনুৃমতি নেই নি। আর ড্রাম ট্রাক্টরে মাটি বহন সম্পূর্ণ অবৈধ। এঘটনার সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'