তালা প্রতিনিধি: তালা সদর ইউনিয়নের ডাংগানলতা গ্রামে এক কাঠ ব্যবসায়ীকে মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার পরদিন তাঁর বিচালির গাদায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ধারাবাহিক এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন ভুক্তভোগী নূর ইসলাম সরদার। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।এ ঘটনায় তালা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ তুলে ধরেন ডাংগানলতা গ্রামের কাঠ ব্যবসায়ী নূর ইসলাম সরদার। তিনি আবুল হোসেন সরদারের ছেলে।
লিখিত অভিযোগে নূর ইসলাম সরদার জানান, গত ৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে উত্তর ডাংগানলতা গ্রামের সিরাজুল ইসলামের চায়ের দোকানে তিনি ও ওমর আলী হালদারসহ কয়েকজন বসে চা পান করছিলেন। এ সময় একই গ্রামের মৃত শহিদুল মোড়লের ছেলে ইসতাপ মোড়ল, মৃত হোসেন মালীর ছেলে জিহাদ মালী এবং সহর আলী হালদারের ছেলে মোসলেম হালদার তাঁকে প্রাণনাশের হুমকি দেন। একই সঙ্গে তাঁর ব্যবহৃত হিরো হোন্ডা মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
নূর ইসলাম সরদারের অভিযোগ, হুমকির পরদিন সকালে একই গ্রামের মৃত আব্দুল মালেক সরদারের স্ত্রী আলেকজান বেগম তাঁকে ঘুম থেকে ডেকে জানান, তাঁর বিচালির গাদায় আগুন জ্বলছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি আগুন দেখতে পান। তাঁর ধারণা, আগের দিনের হুমকির সঙ্গে এ অগ্নিকাণ্ডের যোগসূত্র থাকতে পারে।
একদিকে মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার হুমকি, অন্যদিকে বিচালির গাদায় আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানান নূর ইসলাম সরদার। তিনি বলেন, এ ধরনের ঘটনায় তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।