তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় জুমার নামাজের পর ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুকবার (১৫মে) সম্মিলিত ইসলামী ঐক্য পরিষদের আয়োজনে পুরাতন ফুটবল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে বিপুল সংখ্যক মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা অভিযোগ করে বলেন,ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন এলাকায় উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক মুসলিম নারী-পুরুষের ওপর নির্যাতন,হত্যা, বাড়িঘর, মসজিদ ও কবরস্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নির্যাতন বন্ধের দাবি জানান তারা।
প্রতিবাদ সভায় মোঃ অহিদুজ্জামান রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন,উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা কবিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান,মাওলানা সাইফুল্লাহ আজাদী, মাওলানা আব্দুস সালাম ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল হামিদ।
বিক্ষোভ মিছিল শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,তালা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা তাওহীদুর রহমান।