ফারুক সাগর: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বেসরকারি গবেষণা সংস্থা ‘পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার’ (পিপিআরসি)-এর নির্বাহী চেয়ারম্যান এবং ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান সাতক্ষীরার তালায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোনালী নলতা, হরিচন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তালা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের হলরুমে পৃথকভাবে এসব মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে জেলে, ভূমিহীন কৃষক, কৃষক, আমচাষি ও মৎস্যচাষিদের সঙ্গে কথা বলেন ড. হোসেন জিল্লুর রহমান। তিনি স্থানীয় মানুষের জীবন-জীবিকা, সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং তাদের অভিজ্ঞতা ও মতামত গ্রহণ করেন।
এ সময় এলাকার পানি সংকট, খাল-বিল ও নদী দখল ও নাব্যতা, নদী ও সমুদ্রে মাছ ধরা, জলদস্যুতা এবং জেলেদের জীবন-জীবিকা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে জেলে সম্প্রদায়ের দৈনন্দিন জীবন, নদী ও জলাশয়ের ওপর তাদের নির্ভরশীলতা এবং বিভিন্ন সমস্যার কথা উঠে আসে। এছাড়া ভূমিহীনদের জমি ও কৃষিজীবীদের বিভিন্ন সমস্যার বিষয়েও আলোচনা হয়। সভা পরিচালনা করেন খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ এম. হাশেমী, পিপিআরসির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট নমিরা শামীম, জেন্ডার স্পেশালিস্ট মাহবুবা হক এবং কমিউনিকেশন ম্যানেজার জয়ন্ত কুমার পাল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়,নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।