ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলায় হৃদয় (১৯) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফল নিয়ে হতাশায় ছিল হৃদয়। পরিবারের সদস্যদের অগোচরে শুক্রবার দুপুরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তবে পরীক্ষার ফলের সঙ্গে এ ঘটনার যোগসূত্রের বিষয়টি তদন্তসাপেক্ষ।স্থানীয়দের ভাষ্য, ঘটনার পর হৃদয়ের কক্ষ থেকে একটি চিঠি পাওয়া যায় যেখানে তিনি লিখেছেন, ‘আজকের রেজাল্টটার জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমার বাবা মা আমার জন্য কত সুখ-শান্তি বিসর্জন দিয়েছে। আমিও অনেক কষ্ট করেছি আজকের রেজাল্টের জন্য। হয়তো কোন স্যারের ভুলের কারণে আজকে এমন হলো। আব্বু - আম্মু আমাকে ক্ষমা করে দিও।’স্থানীয় বাসিন্দা শেখ ইয়াসিন বলেন, হৃদয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো গ্রামে শোকের পরিবেশ তৈরি হয়। মরদেহের পাশ থেকে একটি চিরকুট পাওয়া গেছে বলেও জানান তিনি।চিরকুটে হৃদয় পরীক্ষার ফল নিয়ে হতাশা এবং মা-বাবার প্রতি দুঃখ প্রকাশ করেছে বলে জানা গেছে। তবে চিরকুটের বক্তব্যের সত্যতা ও ঘটনার সঙ্গে এর সম্পর্ক তদন্ত করে দেখা প্রয়োজন।ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত ও চিরকুট পর্যালোচনায় ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।