নিজস্ব প্রতিনিধি:বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের অপূরণীয় ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ এবং চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ) বাংলাদেশের দাবি জোরালোভাবে তুলে ধরার আহ্বানে সাতক্ষীরায় ব্যতিক্রমী ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ পালিত হয়েছে। রবিবার সকালে শহরের প্রাণসায়ের খালপাড়ে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক ভুক্তভোগী তরুণ-তরুণী প্রতীকী ‘মৃতদেহ’ সেজে কাফনের কাপড় পরে রাজপথে অভিনব প্রতিবাদ জানান।
কর্মসূচির শুরুতে বিক্ষুব্ধ তরুণরা জলবায়ু ন্যায্যতার দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে শহরে বিক্ষোভ মিছিল বের করেন। সাতক্ষীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন লুইস রানা গাইন, ইমতিয়াজ উদ্দীন আমিনা বিলকিস ময়না, অ্যাডভোকেট এস এম বিপ্লব, হাবিবুর রহমান সোহাগ, নয়ন ভট্টাচার্য ও মিতু মণ্ডল।
বক্তারা বলেন, উন্নত বিশ্বের কার্বন নিঃসরণের ভয়াবহ মাশুল দিচ্ছে দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষ। ‘ত্রাণ নয়, ভিক্ষা নয়—টেকসই বেড়িবাঁধ চাই’, ‘লবণাক্ত পানি নয়, সুপেয় পানি চাই’, এবং ‘প্রতিশ্রুতি বন্ধ করে জলবায়ু অর্থায়ন বাস্তবায়ন করুন’—এমন সব দাবিতে রাজপথ মুখরিত করেন তরুণরা।
সমাবেশে ২০০৭ সালের ১৫ই নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে সরকারি হিসাবে প্রাণ হারানো ৩ হাজার ৪৯৫ জন মানুষকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সিডরের মতো দানবীয় ঝড়ের পুনরাবৃত্তি বাড়ছে। তাই অবিলম্বে কার্বন নিঃসরণ কমিয়ে উপকূলবাসীর জন্য জলবায়ু ন্যায়বিচার ও পর্যাপ্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানানো হয়।