
আন্তর্জাতিক ডেস্ক:
চীন সফরে যাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাজধানী বেইজিংয়ে আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য একটি সামরিক কুচকাওয়াজে উপস্থিত থাকবেন এই শীর্ষ নেতারা।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, চীন-জাপান যুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে ‘বিজয় দিবস’ কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে বিশ্বের ২৬ রাষ্ট্রপ্রধানের। তবে পশ্চিমা বিশ্বের অধিকাংশ নেতাই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না।
কুচকাওয়াজের আয়োজনে প্রথমবারের মতো চীনা সামরিক বাহিনীর নতুন কাঠামো পুরোপুরি তুলে ধরা হবে। এর মধ্যে থাকছে শত শত যুদ্ধবিমান, ট্যাঙ্ক এবং ড্রোনরোধী প্রতিরক্ষাব্যবস্থা।
কুচকাওয়াজে দেশটির তিয়েনআনমেন স্কয়ার দিয়ে সুশৃঙ্খলভাবে মার্চ করবেন হাজার হাজার সামরিক সদস্য। চীনা সামরিক বাহিনীর কথিত ৪৫টি ‘ইচেলন’ থেকে সেনা এবং সাবেক যোদ্ধারাও অংশ নেবেন। ৭০ মিনিটের এই কুচকাওয়াজে বিশেষ নজর থাকবে বিশ্লেষক ও পশ্চিমা শক্তিগুলোর।
বেইজিংয়ের কেন্দ্রে এই কুচকাওয়াজে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের উপস্থিতি হবে বড় আকর্ষণ। এটিকে চীনের প্রেসিডেন্ট জন্য একটি কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে।
৬ বছর পর উত্তর কোরিয়ার নেতা কিম বেইজিং যাচ্ছেন। সবশেষ ২০১৯ সালে চীন ও উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৭০তম বার্ষিকীর অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছিলেন।
এদিকে ইউক্রেন যুদ্ধের অবসানে পুতিনের সঙ্গে একটি শান্তিচুক্তি করার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া তিনি গত সপ্তাহেই জানান, কিমের সঙ্গেও দেখা করতে চান। হোয়াইট হাউসের বরাতে বিবিসি জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প অক্টোবরের শেষে ওই অঞ্চলে যেতে পারেন এবং শি’র সঙ্গে বৈঠকও করতে পারেন।